সিলেটের কোম্পানীগঞ্জে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

৩১ আগষ্ট, ২০২৩ ১৬:৫৪  

বন্দর নগরী চট্টগ্রামের পর বৃহস্পতিবার এবার চায়ের নগরী সিলেটের কোম্পানীগঞ্জে ‘নলেজ পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। উপস্থিত হওয়ার কথা থাকলেও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাটোর-০৪ আসন হতে বার বার নির্বাচিত সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক আলহাজ্ব আব্দুল কুদ্দুসের জানাজা ও শেষ বিদায়ে অংশ নেয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলন না আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সঙ্গত কারণে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ -কে সঙ্গ নিয়ে নির্মাণের শেষ পর্যায়ে থাকা ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। একই সাথে পার্কে আইরিশ ইলেক্ট্রোনিক্স লিমিটেড এবং টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে আইরিশ ইলেক্ট্রোনিক্স লিমিটেড এক একর জমিতে হোম এপ্লায়েন্স এবং ইলেক্ট্রিক গাড়ি প্রস্তুত করবে। এখানে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ফলে প্রায় ২০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া টুগেদার আইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই পার্কে এক একর জমিতে ফ্রিজ, কনডেনসার এবং এসির কম্প্রেসার প্রস্তুত করবে। প্রাথমিকভাবে তারা ১০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ১০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক এ, কে, এ, এম, ফজলুল হক জানান, প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের অভ্যন্তরে ২.৮৫ একর জায়গায় এই ‘নলেজ পার্ক’ স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ১০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর ৩০০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।